ক্ষমাশীলতার জন্য প্রার্থনা (#8401)

মহিমান্বিত তুমি, হে পরম প্রভু আমার ঈশ্বর। আমি মিনতিপূর্বক প্রার্থনা করিতেছি যে, তোমার মনোনীতগণের মাধ্যমে এবং তোমার ন্যস্ত দায়িত্ব-বহনকারিগণের মাধ্যমে এবং তাঁহার মাধ্যমে যাঁহাকে তুমি ভবিষ্যদ্বাদিগণের এবং ঐশী সংবাদ দাতাগণের ‘সীল-মোহর’ হওয়ার পদবী দান করিয়াছ,-যেন তোমার স্বরণ আমার সহচর হয়, এবং তোমার প্রতি প্রেম-ভালবাসা আমার লক্ষ্য হয়, এবং তোমার মুখম-ল আমার লক্ষ্যস্থল হয় এবং তোমার নাম আমার প্রদীপ এবং তোমার ইচ্ছা আমার আকাংখা এবং তোমার সন্তোষ আমার আনন্দের কারণ হয়।
আমি একজন পাপী, হে আমার পরম প্রভু, এবং চিরমার্জনাকারী। যেই মুহূর্তে আমি তোমাকে চিনিতে পারিয়াছিলাম, সেই মুহূর্তে আমি তোমার সদয় সহানুভূতির গৌরবান্বিত বিচার-আদালতে উপস্থিত হওয়ার জন্য দ্রুত অগ্রসর হইয়াছিলাম। আমার পাপসমূহ ক্ষমা কর, হে আমার পরম প্রভু, যাহা আমাকে তোমার সন্তোষ লাভের পথসমূহে ভ্রমণ করিতে এবং তোমার একত্বের মহাসাগরের উপকূলসমূহ লাভ করিতে   বাধা প্রদান করিয়াছে।
	এমন কেহ নাই, হে আমার পরম প্রভু, যাহার দিকে আমি ফিরিতে পারি, যে আমার সহিত বদান্যভাবে আচরণ করিতে পারে, যেন আমি তাহার দয়া প্রার্থনা করিতে পারি। আমি তোমার নিকট প্রার্থনা করিতেছি, তুমি আমাকে তোমার অনুকম্পার সান্নিধ্য হইতে বিতাড়িত করিও না, আর তোমার দয়া ও বদান্যতার আবেগের প্রকাশসমূহ হইতে দূরে রাখিও না। আমার জন্য তুমি তাহাই ব্যবস্থা কর, হে আমার পরম প্রভু, যাহা তুমি তাহাদের জন্য ব্যবস্থা করিয়াছ যাহারা তোমাকে ভালবাসে এবং আমার জন্য তুমি তাহাই লিপিবন্ধ কর যাহা তুমি তোমার মনোনীত জনগণের জন্য লিপিবদ্ধ করিয়াছ। সর্ব সময়ে, আমার স্থিরদৃষ্টি তোমার দয়াময় বিধাতৃত্বের চক্রবালের দিকে নিবদ্ধ রহিয়াছে এবং আমার চক্ষুদ্বয় তোমার সদয় করুণা রাশির প্রাঙ্গণের দিকে তাকাইয়া রহিয়াছে। আমার জন্য এইরূপ ব্যবস্থা কর যাহা তোমারই উপযুক্ত। তুমি প্রভু ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি শক্তিশালী প্রভু, তুমি প্রভাময় ঈশ্বর, যাহার সাহায্য সকল লোকেই ভিক্ষা করিয়া থাকে।

-Bahá'u'lláh
-----------------------

ক্ষমাশীলতার জন্য প্রার্থনা (#8402)

হে পরম প্রভু, হে তুমি যিনি লোকগণের আশাস্থল। তুমিই  তোমার এই সকল দাসের আশ্রযস্থল। তুমিই গোপনীয় বিষয়সমূহ ও রহস্যাবলী সম্পর্কে অবগত আছ। আমরা সকলেই পাপী এবং তুমি পাপীদের আশ্রয়স্থল, তুমি দয়াময়, তুমি পরম করুনাময়। হে পরম প্রভু। আমাদের  ক্রুটিসমুহের প্রতি লক্ষ্য করিও না। তোমার দয়া ও বদান্যতা অনুসারে আমাদের সহিত ব্যবহার কর। আমাদের ত্রুটিসমুহ অনেক অধিক, কিন্তু তোমার ক্ষমাশীলতার মহাসাগর অসীম। অতএব, আমাদিগকে বিশ্বাসে সুদৃঢ় ও সবল কর। আমাদিকে সেই বিষয়ে সাহায্য কর যাহা আমাদিগকে তোমার প্রবেশ- দ্বারে গ্রহণযোগ্য করিবে। অন্তঃকরণসমূহ আলোকিত কর, চক্ষুগুলিকে দর্শন-ক্ষম কর, কর্ণগুলিকে মনোযোগী  কর, মৃতকে পুনর্জীবিত কর এবং পীড়িতকে আরোগ্যদান কর, দরিদ্রকে ধনশালী কর এবং পলাতককে নিশ্চিত বিশ্বাসী কর। আমাদিগকে তোমার ঐশী-রাজত্বে গ্রহণ কর। দয়ার আলোকে আমাদিগকে আলোকিত কর। তুমিই উদার প্রকৃতি বিশিষ্ট। তুমিই পরম দয়ালু। তুমিই দয়াশীল।

-`Abdu'l-Bahá
-----------------------

